সাইবার হামলার কারণে ইউরোপের একাধিক প্রধান বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিনসহ বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চেক-ইন সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস–এর মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, সমস্যা হয়েছে মূলত ইলেকট্রনিক চেক-ইন ও ব্যাগেজ ড্রপ সিস্টেমে। আপাতত এসব কাজ ম্যানুয়ালি পরিচালনা করা হচ্ছে।
কলিন্স অ্যারোস্পেস বিশ্বের বহু এয়ারলাইন্স এবং বিমানবন্দরে পরিষেবা সরবরাহ করে। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা তাদের প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভরশীল। সাইবার হামলার ফলে এসব পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেক এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত থেকেই সিস্টেম জটিলতা দেখা দেয়। এখন পর্যন্ত অন্তত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং গড়ে এক ঘণ্টা করে দেরি হচ্ছে ফ্লাইটগুলোতে।
তবে পরিস্থিতি সামাল দিতে কিছু এয়ারলাইন্স বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা দ্রুত বিকল্প পদ্ধতিতে সেবা চালু করেছে, যাতে প্রভাব কম হয়। অন্যদিকে ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এই সাইবার হামলার প্রভাব কিছু বিমানবন্দর এড়াতে পেরেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর এই ঘটনার বাইরে রয়েছে বলে জানানো হয়েছে। একইভাবে পোল্যান্ডও নিশ্চিত করেছে যে, তাদের বিমানবন্দর নিরাপদ রয়েছে।
ব্রিটেনের পরিবহনমন্ত্রী হাইডি আলেকজান্ডার বলেছেন, তিনি পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





